শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৮ কোটি টাকা

মুহা. জহিরুল ইসলাম অসীম  ( জেলা প্রতিনিধি নেত্রকোণা ):
নেত্রকোনার মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি কাপড়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং আরও প্রায় ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৮ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটের কাপড়পট্টির একটি দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এর অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও মদন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নি নির্বাপণের সময় ছানা মিয়া নামের এক ব্যক্তি আহত হন। তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মদন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জমিয়ত আলী।
অগ্নিকাণ্ডে তাপস বস্ত্রালয়, তাকিয়া বস্ত্রালয়, পোশাক শ্রী, রাজলক্ষ্মী বস্ত্রালয়, মধূয়াখালী বস্ত্রালয়, সাইফুল বস্ত্রালয়, বিশ্বাস বস্ত্রালয়, মনেরেখা বস্ত্রালয়, মনোমোহন বস্ত্রালয়সহ কমপক্ষে ২৫টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া মালামাল সরাতে গিয়ে আরও ২৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজীব পাল বলেন,আগুন কীভাবে লেগেছে বলতে পারছি না। কিন্তু আমার সব শেষ হয়ে গেছে। কোটি টাকার মালামাল পুড়ে গেছে।”
আরেক ব্যবসায়ী উত্তম রায় জানান, আগুনে আমরা সর্বস্বান্ত হয়ে পড়েছি। সামনে দিনগুলো কীভাবে চলবে বুঝে উঠতে পারছি না।”
ঘটনাস্থল পরিদর্শন করে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদিলুজ্জামান জানান, মার্কেটটিতে প্রায় ছয় শতাধিক দোকান রয়েছে। ব্যবসায়ীরা তাদের ক্ষতির পরিমাণ প্রায় ১৮ কোটি টাকা বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।”
শেয়ার করুন