অপু দাস ( স্টাফ রিপোর্টার )
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় ভেজাল গুড় উৎপাদনের বিরুদ্ধে বুধবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব-৫ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বেলা পৌনে ১২টা পর্যন্ত। এতে ভেজাল মিশিয়ে গুড় উৎপাদনের অভিযোগে ৫টি কারখানাকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সাল্টু, লাল্টু ও মুক্তার আলীকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা, ইনারুলকে ২০ হাজার টাকা এবং এনারুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন জানান, কারখানাগুলোতে চিনি, রং, হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। এসব গুড়ে আখ বা খেজুরের রসের কোনো উপস্থিতি নেই বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, এসব ভেজাল গুড় মানুষের স্বাস্থ্যের গুরুতর ক্ষতি করতে পারে। তিনি আরও জানান, ভেজালের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।
র্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মো. মুস্তাফিজুর রহমান বলেন, “এ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন মানুষের জন্য গভীর ক্ষতিকর—মাদকের মতোই বিপজ্জনক।” তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় এবং কারখানাগুলো থেকে জব্দ করা ভেজাল গুড় ও ব্যবহৃত উপকরণ ধ্বংস করা হয়েছে। সারাদেশে সরবরাহের উদ্দেশ্যে এসব ভেজাল গুড় প্রস্তুত করা হচ্ছিল বলেও তিনি উল্লেখ করেন।
কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা অব্যাহত থাকবে।





