শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে পোশাককর্মী বিনা হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ গোলাম মোস্তফা

জামালপুরের বকশীগঞ্জে পোশাক কর্মী রুবাইয়া আক্তার বিনা হত্যার প্রতিবাদে এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (দুপুর ১২টা) উপজেলা পরিষদের সামনে বাট্টাজোড় বীরগাঁও গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, নিহত গৃহবধূ বিনার বাবা সুলতান মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ এবং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি রেজুয়ান সিদ্দিকী।

বক্তারা বলেন, একজন তরুণী পোশাক কর্মীর রহস্যজনক মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এ ঘটনার সাথে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

গত ১৭ নভেম্বর গাজীপুরের গাছা থানাধীন বড়গাছি এলাকার একটি ভাড়া বাসা থেকে রুবাইয়া আক্তার বিনার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় বিনা আক্তার ও ধানুয়া কামালপুর ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে জুয়েল মিয়ার। বিয়ের সময় ছেলেপক্ষের দাবি অনুযায়ী সব উপঢৌকন পরিশোধ করা হলেও, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে বিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

বিয়ের পর স্বামী-স্ত্রী দু’জনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং বড়বাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের পরিবার জানায়, ১৬ নভেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে ফোনে জানান বিনা। পরদিন ১৭ নভেম্বর দুপুরে স্বামীর পক্ষ থেকে আকস্মিক খবর আসে—“আপনার মেয়ে মারা গেছে।”

পরিবারের দাবি—এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়; জুয়েল মিয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
এই দাবি ও ন্যায়ের প্রত্যাশা থেকেই বকশীগঞ্জে অনুষ্ঠিত হয় প্রতিবাদী মানববন্ধন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং বিনার হত্যার ন্যায়বিচারের জোর দাবি জানান।

শেয়ার করুন