মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তিশা-শরীফ বিতর্কে পরিচালক এমএন রাজের নতুন দাবি

টলিউডের সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের কথা ছিল অভিনেত্রী তানজিন তিশার। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই তিনি সরে দাঁড়ান। এরপর শুরু হয় অভিযোগের পালা। প্রথমে প্রযোজক পরিচয় দেওয়া শরীফ খান অভিযোগ তোলেন, কাজ না করেও তিশা নাকি ফেরত দিচ্ছেন না অগ্রিম পারিশ্রমিক সাড়ে চার লাখ টাকা। তবে তিশার দাবি, শরীফ ছবির কোনো প্রযোজক নন।

গত রোববার দিবাগত রাতে তিশা ফেসবুকে এক বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করেন এবং জানান, এই ছবির কারণে তিনি ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এবার ছবির পরিচালক এমএন রাজ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, “তিশা ভুল বিবৃতি দিচ্ছেন। তাকে টাকা দেওয়া হয়েছে, কাজ না করায় সেই টাকা ফেরত দিতে হবে।”

এক সাক্ষাৎকারে এমএন রাজ বলেন, “আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তিশার জন্য আমরা এক মাস অপেক্ষা করেছি। শারমান যোশির শিডিউলও বদলাতে হয়েছে। কিন্তু তিশা পাসপোর্ট জমা দেয়নি এবং আমেরিকায় চলে গেছে। ৪ সেপ্টেম্বর সকাল ৯টায় অ্যাম্বাসিতে যাওয়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে আসে। বিকেলে ভিসা নিশ্চিত হলে পাসপোর্ট দেবে বলার পরও ১৫-২০ মিনিটের মধ্যে চলে যায়। আমি খুব অপমানবোধ করি।”

তিশার পাল্টা দাবি, তিনি দুই মাস অপেক্ষা করেছেন। ফেসবুক বিবৃতিতে তিনি বলেন, “ছবির কাজ সেপ্টেম্বরেই শুরুর কথা ছিল, কিন্তু পরিচালক প্রস্তুত ছিলেন না। তাই আমাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।”

পরিচালক এ অভিযোগকে অস্বীকার করে বলেন, “ভুল কথা। জুলাইয়ে চূড়ান্ত শিডিউল হয়েছিল, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুটিং হওয়ার কথা ছিল। আমরা সব ব্যবস্থা করেছি। সেপ্টেম্বরের ১৭-১৯ তারিখে শুট করেছি। দুর্গাপূজার আগে পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর নতুন নায়িকা নিয়েছি। এখন তিশা ভুল তথ্য দিচ্ছে।”

পরিচালক জানিয়েছেন, ছবির ৭৫ শতাংশ কাজ সম্পন্ন। জানুয়ারিতে দ্বিতীয় লট শুরু হবে এবং ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন