শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শিগগিরই শুরু হতে পারে

আসছে ডিসেম্বর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এ তথ্য জানিয়েছেন বলে বুধবার পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) অনুষ্ঠানে বাংলাদেশি দূত জানিয়েছেন, দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে। এলসিসিআই এবং বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, এই প্রক্রিয়ায় সংগঠনের সদস্যদের তিন থেকে চারদিনের মধ্যে ভিসা দেওয়া হবে, যা দুই দেশের মধ্যে ভ্রমণ দ্রুত ও সহজ করবে।

বাণিজ্যিক সম্ভাবনার কথাও উল্লেখ করেন হাইকমিশনার। তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, অপরদিকে বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানি করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাক ক্ষেত্রেও ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহণ সেবাও চালু করা হবে। গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কার্গো পরিবহন শুরু হয়েছে এবং চাহিদা বৃদ্ধির কারণে এখন সরাসরি কার্গো পরিবহণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শিক্ষাক্ষেত্রেও দুই দেশের সহযোগিতার আহ্বান জানিয়েছেন হাইকমিশনার। তিনি বলেন, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন শিগগিরই বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবে, যেখানে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে। তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা।

শেয়ার করুন