আজ বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলোতে দুটি গুরুত্বপূর্ণ মামলার বিচার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চানখারপুলের ছয়জন হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তাকে আসামিপক্ষের আইনজীবীরা দ্বিতীয় দিনের মতো জেরা করবেন।
অন্যদিকে, আশুলিয়ায় সাতজনকে হত্যা ও ছয়টি মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণও আজ অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চানখারপুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার কার্যক্রম শুরু হবে। মামলার বিচারিক প্রক্রিয়া বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
এখন পর্যন্ত মামলায় ভুক্তভোগী পরিবার, জুলাই আন্দোলনে আহত ব্যক্তি, চিকিৎসক এবং একজন উপদেষ্টাসহ মোট ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে এবং এরপর ট্রাইব্যুনাল রায়ের দিন ঘোষণা করবে। এই মামলায় মোট ৮ জন আসামি রয়েছে, যার মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন পলাতক। বাকি ৪ জন আসামি, যার মধ্যে কনস্টেবল সুজনও রয়েছেন, গ্রেফতার অবস্থায় আছেন।
অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ার সাতজনকে হত্যা ও ছয়টি মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত মামলায় মোট ২৩ জন সাক্ষী দিয়েছেন। ২৩তম সাক্ষী হিসেবে আদালতে গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছেন রাজসাক্ষী সাবেক এসআই আবজালুল। আজ এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





