বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন শান্তি পরিকল্পনা ২৮ দফা থেকে কমিয়ে আনা হলো ১৯ দফায় 

যুক্তরাষ্ট্রের ইউক্রেন শান্তি পরিকল্পনা আগের ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় নেমেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আলোচনার পর এই সংশোধন কার্যকর করা হয়েছে।

প্রাথমিক খসড়ার কয়েকটি বিতর্কিত প্রস্তাব নিয়ে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের মধ্যে আগেই উদ্বেগ দেখা দিয়েছিল। সোমবার (২৪ নভেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেনেভায় আলোচনার পর ইউক্রেন যুদ্ধ সমাপ্তির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাটি ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে। মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা এটিকে গঠনমূলক আলোচনা হিসেবে উল্লেখ করেছেন, তবে এখনও এটি চূড়ান্ত হয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় “অসাধারণ অগ্রগতি” হয়েছে, তবে কিছু কাজ বাকি রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথ বিবৃতিতেও বৈঠকে “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হয়েছে উল্লেখ করা হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, আগের খসড়া থেকে ৯টি প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। তবে কোনগুলো বাদ দেওয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি।

ইউরোপীয় কর্মকর্তারা আগেই কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন, বিশেষ করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও জব্দ করা রুশ সম্পদের ভবিষ্যৎ ব্যবস্থাপনা বিষয়টি ইইউয়ের এখতিয়ারে। এ বিষয়টিও আলোচনায় উল্লেখ হয়েছে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব শান্তি পরিকল্পনা থেকে দফা কমানোকে “এক ধাপ এগোনো” হিসেবে দেখেছেন। তবে তিনি জানিয়েছেন, সামনে এখনো বেশ কয়েকটি জটিল বিষয় রয়ে গেছে।

সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনা জেনেভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সেখানে ওয়াশিংটন, কিয়েভ এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা খসড়া পর্যালোচনা করেছেন।

শনিবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রণীত এই পরিকল্পনা তার “চূড়ান্ত প্রস্তাব” নয়। এছাড়া কিয়েভ ও তাদের মিত্রদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। খসড়া অনুযায়ী, ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু এলাকা ছাড়তে হতে পারে, সামরিক বাহিনীর আকার সীমিত করতে হতে পারে এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করতে হতে পারে। শান্তি পরিকল্পনার বিষয়ে জবাব দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এরপর জেলেনস্কি বলেন, “আমরা কি আমাদের মর্যাদা হারানোর ঝুঁকি নেব, নাকি গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নেব,”—এই কঠিন সিদ্ধান্ত সামনে তাদের অপেক্ষা করছে।

পরে গত শনিবার ৯টি ইউরোপীয় দেশ, জাপান, কানাডা এবং ইইউয়ের শীর্ষ কর্মকর্তারা এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেছেন, ইউক্রেনের সামরিক শক্তি সীমিত করার প্রস্তাব দেশটিকে ভবিষ্যতে হামলার মুখে ফেলতে পারে।

শেয়ার করুন