গত বছরের ২০ ডিসেম্বর একযোগে মুক্তি পায় দুটি আলাদা ধাঁচের ছবি, ‘খাদান’ এবং ‘সন্তান’। তখনই দর্শক ও সমালোচকের নজর এড়াতে পারেনি এই দুই ছবির মধ্যে নীরব প্রতিদ্বন্দ্বিতা। চলতি বছরে ‘ধুমকেতু’ সিনেমার প্রচারের সময় আবারও একই মঞ্চে দেখা গিয়েছিল এই জুটিকে, এবং তারপরের ঘটনা সবারই জানা।
বর্তমানে দেব এবং শুভশ্রী উভয়ই ব্যস্ত তাদের নতুন সিনেমার প্রচারে। আগামী বড়দিনে মুক্তি পাবে দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’। দুই সিনেমাই একে অপরের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, তা আগেভাগেই বোঝা যাচ্ছে।
সোমবার, ২৪ নভেম্বর, একই দিনে একই সময়ে উভয় ছবির দুটি গান প্রকাশিত হয়েছে। দেবের ‘প্রজাপতি ২’ সিনেমার গান ‘ফুটবেই বিয়ের ফুল রে’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার গান ‘দেখো দেখো কানাইয়ে’।
গান দুটি মুক্তির পরই দর্শকের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে শুভশ্রীর নতুন লুক দর্শককে মুগ্ধ করেছে, অন্যদিকে দেবের গান দর্শকদের মধ্যে পুরনো দিনের নস্টালজিয়ার অনুভূতি ফিরিয়ে এনেছে। দুই ছবির আলাদা ধাঁচ দর্শককে কতটা আকর্ষণ করবে, তা এখনও দেখা বাকি। তবে নিশ্চিত, দেব ও শুভশ্রীর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেবেন কোয়েল মল্লিক, যিনি মিতিন মাসীর চরিত্রে উপস্থিত থেকে সকলকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ‘প্রজাপতি ২’-তে দেবের বিপরীতে থাকছেন জ্যোতির্ময়ী। সিনেমায় একজন সিঙ্গেল বাবার জীবন এবং তার সন্তানের প্রতি তার উদ্বেগের গল্প ফুটে উঠবে।
অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শুভশ্রী ছাড়াও অভিনয় করছেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, পার্থ ভৌমিক ও আরাত্রিকা মাইতি। মহাপ্রভু শ্রীচৈতন্যের চরিত্রে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে।
বড়দিনের মুক্তি এবং গান প্রকাশের এই মুহূর্ত থেকেই ইঙ্গিত মিলছে—দেব ও শুভশ্রীর পর্দার মুখোমুখি প্রতিযোগিতা এবার দর্শকদের জন্য এক ভিন্ন ধরনের রোমাঞ্চের অপেক্ষা নিয়ে আসবে।





