বগুড়ার শেরপুরে একটি গ্রামীণ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) ও শেরপুর পৌরশহরের গোসাইপাড়া মহল্লার শাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি দোকানের শাটারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার মধ্যে মেহেদী ও শাহাবুল মারা যান। শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় শাহাবুল ও মেহেদী মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত উৎসব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল।
আহত উৎসব চক্রবর্তী জানিয়েছেন, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। তারা তিনজনই কয়েকদিন আগে এইসএসসি পাস করেছেন।
এদিকে, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে শাহাবুল নিজের ফেসবুক প্রোফাইলে একটি নোট স্ট্যাটাস দেন—“সাদা কাপড়, মাটির ঘর, বাসের ছাড়নি।” দুর্ঘটনার পর স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।





