বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত যুবকের

জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোরে নকশী কাঁথা ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে যশোর শহরের ধর্মতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী নকশী কাঁথা মেইল ট্রেনটি যশোর অতিক্রমের সময় ওই যুবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। পরে সিআইডির সহায়তায় পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন