শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এক বছরে ১০০ ছক্কা: ইতিহাসে প্রথম পাকিস্তানি ব্যাটার ফারহান

পিএসএলে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছিলেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ঝড়ো ৮০ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান তিনি। একই সঙ্গে এক ক্যালেন্ডার বছরে ১০০ ছক্কা মারার অসাধারণ কীর্তি গড়ে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ইতিহাসে নাম লেখান ফারহান।

রাওয়ালপিন্ডিতে টস হারা শ্রীলঙ্কা ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১২৮ রান তুলতে সক্ষম হয়। জবাবে ফারহানের আগ্রাসী ব্যাটিংয়ে পাকিস্তান ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ে মাঠ ছাড়ে। ওপেনার ফারহান ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮০ রান করেন। এ নিয়ে চলতি বছরে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১০২–এ। বিশ্বের ১২ জন ব্যাটার এমন মাইলফলক ছুঁয়েছেন, তবে পাকিস্তানে এটি সবার আগে অর্জন করলেন ফারহান।

চলতি বছরে ফারহানের চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল দুইজন— ভারতের করনবীর সিং (১২২) এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান (১০৩)। এছাড়া সালজুড়ে টি–টোয়েন্টিতে সর্বাধিক অর্ধশতকের (১৫টি) তালিকায়ও এই তিনজন একসঙ্গে জ্বলে উঠেছেন। করনবীর ও পুরান আগেই ১৫–এ পৌঁছান, আর ফারহান তাদের পরে সেই সংখ্যা স্পর্শ করেন। জস বাটলার করেছেন ১৪টি এবং শাই হোপের ফিফটি রয়েছে ১৩টি।

শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পাকিস্তানের আগের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল শোয়েব মালিকের ৫৭ (২০০৭ বিশ্বকাপ, জোহানেসবার্গ)। ফারহান সে রেকর্ডটি ভেঙে গতকাল করেন দুর্দান্ত ৮০ রান। একই সঙ্গে তার ৫ ছক্কা শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো পাকিস্তানি ব্যাটারের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

সাম্প্রতিক টি–টোয়েন্টি এশিয়া কাপেও পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটার ছিলেন ফারহান। পুরো আসরে দুটি ফিফটি এবং ভারতের বিপক্ষে ফাইনালে ৪০ রানের ইনিংসসহ তার মোট সংগ্রহ ছিল ২১৭। অথচ জাতীয় দলে প্রথম চার টি–টোয়েন্টিতে তিনি কখনোই ৩০ রানের ঘর পেরোতে পারেননি। সেই হতাশা কাটিয়ে এখন নিয়মিতই ব্যাট হাতে দারুণ আলো ছড়াচ্ছেন তিনি।

শেয়ার করুন