রবিউল হক, স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী ও তাওহিদী জনতা সমবেত হয়ে এ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, বাউল আবুল সরকার পালা গানে আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন, যা দেশের কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
এ ধরনের ন্যক্কারজনক অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি ছাড়া বিকল্প নেই। বক্তারা ইসলাম অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান এবং দেশের সকল ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবি করেন।
সমাবেশ শেষে বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।





