জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বি.কে সিটি–এর সামনে আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটেছে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। খুলনা থেকে যশোরগামী মোটরসাইকেলে আসা দুজন আরোহী শরিফুল ইসলাম (৪৩) ও মাসুদ (৪০) সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এর মধ্যেই পেছন দিক থেকে দ্রুতগতির এক অজ্ঞাতনামা ট্রাক এসে প্রথমে শরিফুল ইসলামের ওপর আঘাত হানে; মুহূর্তেই ট্রাকের ভারী চাকা তাঁর ডান হাতের ওপর দিয়ে গড়িয়ে যায়।
ভয়াবহ সেই দৃশ্য দেখে স্থানীয়রা ছুটে এসে দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত শরিফুল বর্তমানে চিকিৎসাধীন, তাঁর ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। আর অপর আরোহী মাসুদ প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজারহাট এলাকায় একের পর এক দুর্ঘটনার জন্য অসচেতনতা, দ্রুতগতি এবং সড়কের ঝুঁকিপূর্ণ অবস্থা দায়ী বলে মনে করছেন স্থানীয়রা। তারা দ্রুত ওই অজ্ঞাত ট্রাকটি শনাক্ত করে দায়ী চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।





