অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির সময় বৃদ্ধি দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকায় আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদও উঠে আসে তাদের স্লোগানে। রেল অবরোধের কারণে রাজশাহী–ঢাকা রুটের পদ্মা এক্সপ্রেস স্টেশনে থেমে গেলে যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে।
শনিবার দুপুর সোয়া ৩টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন পরীক্ষার্থীরা। সেখান থেকে ‘বিসিএস লিখিত শিক্ষার্থীবৃন্দ’ ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় স্টেশনে গিয়ে শেষ হয়। পরে রেললাইনে বসে পড়লে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, আগের বিসিএস পরীক্ষাগুলোতে পর্যাপ্ত সময় পেলেও এবার পিএসসি মাত্র দুই মাসের প্রস্তুতি সময় নির্ধারণ করেছে, যা তাদের কাছে অযৌক্তিক ও অপ্রস্তুতিমূলক বলে মনে হচ্ছে। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা প্রতীকীভাবে পরীক্ষার অ্যাডমিট কার্ড আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীদের দাবি, বেশ কয়েক দফা শান্তিপূর্ণভাবে আবেদন করলেও পিএসসির পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাধ্য হয়েই রেল অবরোধ কর্মসূচি গ্রহণ করতে হয়েছে বলেও জানান তারা। বিকেল ৪টার দিকে পদ্মা এক্সপ্রেস আটকে গেলে যাত্রীদের ভোগান্তি আরও দীর্ঘ হয়।





