বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অভ্যুত্থান চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অবশেষে আটক করেছে দেশটির পুলিশ। অভিযোগ—তিনি অবৈধভাবে সরকার উৎখাতের পরিকল্পনায় যুক্ত ছিলেন। কয়েক দিনের মধ্যেই তার রায়ের আনুষ্ঠানিক কার্যকর শুরু হওয়ার কথা ছিল, তবে তার আগেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, বলসোনারোর বিরুদ্ধে তারা আগেই একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিল এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর তা বাস্তবায়ন করা হয়।

সিএনএন–এর কাছে একটি সূত্র জানিয়েছে, বলসোনারোর বড় ছেলে, সিনেটর ফ্লাভিও বলসোনারে, তার বাবার বাড়ির সামনে সমর্থকদের নিয়ে একটি সমাবেশ করেন। ওই সমাবেশের পরই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হয়।

২০২২ সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজয়ের পরও ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন বলসোনারো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি বছরের শুরুতে তাকে রাজনৈতিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের দণ্ড দেওয়া হয়।

পাঁচ সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চে চার বিচারক তার বিরুদ্ধে অভিযোগ সমর্থন করেন। সরকার উত্খাতের চেষ্টা ছাড়াও তার বিরুদ্ধে সশস্ত্র অপরাধী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সংস্থার দাবি—এই গোষ্ঠীর সহায়তায় তিনি দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।

২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর অনুগামীরা বিভিন্ন রাষ্ট্রীয় ভবনে আক্রমণ চালায়। ওই সহিংসতার সূত্র ধরেই তার বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার মামলা গড়ে ওঠে।

তবে বলসোনারো শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করছেন। তার ভাষ্য—রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এসব অভিযোগ সাজানো হয়েছে।

শেয়ার করুন