শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়ান তেলকে বিদায়, রিলায়েন্সে শুরু নতুন রপ্তানি যুগ

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শীঘ্রই একটি বাণিজ্যিক চুক্তি হতে পারে বলে চলমান আলোচনা জোরদার হয়েছে। সেই প্রেক্ষাপটে, ভারতের ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঘোষণা করেছে যে, তাদের গুজরাটের জামনগরে অবস্থিত একমাত্র রপ্তানি শোধনাগারে রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার বন্ধ করা হয়েছে।

এর আগে মার্কিন প্রশাসন বারবার প্রকাশ করেছে যে, ভারতের রাশিয়ান তেল আমদানি তাদের অসন্তোষের একটি মূল কারণ।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স বৃহস্পতিবার জানিয়েছে, জামনগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) শোধনাগারে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি বন্ধ করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

রিলায়েন্সের পক্ষ থেকে বলা হয়েছে, ২০ নভেম্বর থেকে SEZ শোধনাগারে রাশিয়ার তেল আমদানি বন্ধ করা হয়েছে। এছাড়া, ১ ডিসেম্বর থেকে এই শোধনাগার থেকে যে পণ্য রপ্তানি হবে, সেগুলি রাশিয়ান তেল ব্যবহার ছাড়া তৈরি হবে। এই প্রস্তুতি ২১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়া আমদানির বিধিনিষেধের আগে নেওয়া হয়েছে।

গুজরাটে রিলায়েন্সের দুটি রিফাইনারি রয়েছে। ডোমেস্টিক ট্যারিফ এরিয়ার রিফাইনারিটি মূলত ভারতীয় বাজারের জন্য পণ্য সরবরাহ করে, আর SEZ ইউনিটটি রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেডের অধীনে এবং এটি রপ্তানি কাজে ব্যবহৃত হয়।

রাশিয়ার প্রধান তেল উৎপাদক রোসনেফ্ট এবং লুকঅয়েল ভারতের বাজারে অপরিশোধিত তেল সরবরাহ করে। রোসনেফ্টের সঙ্গে রিলায়েন্সের দৈনিক চুক্তি প্রায় ০.৫ মিলিয়ন ব্যারেল তেলের। মার্কিন নিষেধাজ্ঞা ২১ নভেম্বর শেষ হওয়ার পর রোসনেফ্ট ও লুকঅয়েলের সঙ্গে লেনদেন পুনরায় সম্ভব হবে।

এর আগে, মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট ঘোষণা দেন যে, ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে অংশ নেওয়া দুই বৃহত্তম তেল সংস্থা—রোসনেফ্ট এবং লুকঅয়েল আন্তর্জাতিক বাণিজ্যে নিষিদ্ধ করা হয়েছে। ট্রাম্পও বলেন, নতুন সেনেট আইন সমর্থন করবেন, যা মস্কোর সঙ্গে ব্যবসা করা দেশের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেবে।

শেয়ার করুন