বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উৎসবমুখর পরিবেশে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি :

জাঁকজমকপূর্ণ নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলী নূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা, প্রক্টর, আটটি অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট ও হাউজ টিউটরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা পাশাপাশি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগদান করেন।

অনুষ্ঠান শেষে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে সমবেত হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই দিনে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শান্তিডাঙ্গা-দুলালপুরের এই জায়গায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তাই আমরা প্রত্যেক বছর এই দিনটিকে প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে উদযাপন করি। আজকেও তার অংশ হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। ইসলামী বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং তার সুনামকে অক্ষুণ্ণ রাখবে এই প্রত্যাশা আমাদের সকলের।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে দুলালপুর-শান্তিডাঙ্গায় ১৭৫ একর জায়গাজুড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই হিসেবে প্রতিবছর ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় পালিত হয়ে আসছে।

শেয়ার করুন