বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বেলকুচিতে কামাল টেক্সটাইল তাঁত ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড: ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কামাল টেক্সটাইল নামের একটি তাঁত ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) ভোর রাতে পৌরসভার চালা আদালতপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পাওয়ারলুম মেশিন, তাঁত এবং কাপড় তৈরির তেনা পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে থাকা শ্রমিকেরা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজের সময় তাঁতের কাজ চলছিল। হঠাৎ একটি পাওয়ারলুম মেশিনের মোটরের ম্যাগনেট থেকে আগুনের ফুলকি বের হয়ে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুরো ঘরে আগুন ধরে গেলে শ্রমিকরা দ্রুত বের হয়ে বালু ও স্প্রে মেশিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
কারখানার মালিক হাজী আব্দুল মজিদ বলেন, “মেশিনের মোটর থেকে আগুনের ফুলকি বের হওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে আমার প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শহিদুর রহমান জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলেছি। ইলেকট্রিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কারখানার মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হলেও বড় ধরনের প্রাণহানি ঘটেনি বলে জানা গেছে।
শেয়ার করুন