বলিউড তারকা সোনম কাপুর আবারও সন্তানের মা হতে চলেছেন—সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্টে তা স্পষ্ট করে তুলেছেন তিনি। লং কোট ও স্কার্ট পরা সোনমের ছবিতে ফুটে উঠেছে তার মাতৃত্বের আভা; মুখজুড়ে উজ্জ্বল হাসি, আর দৃশ্যমান বেবিবাম্প। ঠিক এই রূপেই একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন শুধু একটি শব্দ— ‘মা’।
ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই স্বামী আনন্দ আহুজা নিজের অ্যাকাউন্টে তা আবার শেয়ার করেন। তিনি মজার মন্তব্যে লেখেন— ‘ডাবল ট্রাবল’, অর্থাৎ এবার হয়তো পরিবারের আনন্দে যোগ হতে পারে আরও একটি নতুন সদস্য।
পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই সোনমের সাজগোজ, ব্যক্তিত্ব ও মাতৃত্বের দীপ্তিতে ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত প্রিন্সেস ডায়ানার সৌন্দর্যের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেন।
সোনম কাপুরের অভিনয় জীবন শুরু হয় সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। পরে তিনি একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ ছিল তার সর্বশেষ সিনেমা।
এখন অভিনয়ের ব্যস্ততা কমিয়ে সোনম বেশির ভাগ সময়ই স্বামী ও সন্তানকে কেন্দ্র করে কাটান। ২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, বায়ু। এ বছরের আগস্টে বায়ুর তৃতীয় জন্মদিন উদযাপন করেন তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে।
এর আগে গত অক্টোবরে মুম্বাইয়ে নবরাত্রি উৎসবের সময় দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি প্রথম জানান সোনম। তখন তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক মাস পার করেছেন। এরপর থেকে পরিবার ও কাছের মানুষেরা নতুন অতিথিকে বরণ করতে প্রস্তুতি নিতে শুরু করেছেন।





