শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় মদ ও ৬শ’ ইয়াবা উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৩

(‎জেলা প্রতিনিধি, নেত্রকোণা )
‎নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতের এ অভিযানে স্থানীয় এক দম্পতি ও আরও একজনকে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন— শাহাপুর গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৮), তার স্ত্রী লাকী আক্তার (২৫) এবং কেন্দুয়া উপজেলার গগডা ইউনিয়নের লাজপাড়া গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)।

‎পুলিশ জানায়, রবিউল আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত এবং এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি নতুন একটি মাদকের চালান এলাকায় এসেছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় রবিউলের বসতঘর থেকে ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধার করা হয়।
‎এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকের প্রবণতা বেড়ে গেছে। গত শনিবার এক অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মাদক নির্মূলে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে তদবিরকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন। স্থানীয়দের দাবি, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করা জরুরি।

‎মদন থানার এসআই মো. ফয়সাল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রবিউলের বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ১৫ বোতল ভারতীয় মদ ও ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।”
শেয়ার করুন