জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী জীবিত থাকা অবস্থায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. মনোয়ার হোসেন (৫০)-এর বিরুদ্ধে। এ ঘটনায় তার প্রথম স্ত্রী মোছা. শামীমা জাহান তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) তাড়াশ থানায় অভিযোগ দেন শামীমা জাহান। তিনি নিজেও এক স্কুলের শিক্ষক। মনোয়ার হোসেন তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামের বাসিন্দা মো. ফজলুল হকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, খুঁটিগাছা গ্রামের আব্দুস সালামের মেয়ে ও শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুনের (১৬) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল মনোয়ার হোসেনের। সম্প্রতি কয়েকদিন ধরে স্বামীর খোঁজ না পেয়ে শামীমা সন্দেহপ্রবণ হয়ে ওঠেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) গোপন সূত্রে খবর পেয়ে তিনি আব্দুস সালামের বাড়িতে যান। সেখানে গিয়ে একই কক্ষে স্বামী মনোয়ার হোসেনকে ওই স্কুলছাত্রী সাদিয়ার সঙ্গে দেখতে পান। পরে বিষয়টি জানতে চাইলে মনোয়ার ও মেয়েটির পরিবারের কয়েকজন তাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
শামীমা জাহান বলেন, “এর আগেও আমার স্বামী তার নিজ স্কুলের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তখন ব্যাপক সমালোচনা হয়। পরিবারের সম্মান ও মেয়েদের কথা ভেবে বহুবার তাকে শোধরানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি থামেননি। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।”
অভিযুক্ত শিক্ষক মনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো বিয়েই করেননি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





