বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতের বিরুদ্ধে ২২ বছরের দীর্ঘ অপেক্ষার পর জয় লাভ করেছে। ২০০৩ সালের পর এই দীর্ঘ প্রতীক্ষিত জয়ের জন্য জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, “এই জয় দেশবাসীকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচের সাফল্য নয়, বরং লক্ষ লক্ষ তরুণ-তরুণী, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য এক অনুপ্রেরণা। জাতি গঠনে খেলাধুলার অবদান অপরিসীম। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানো এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ।”
প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, “এই সাফল্য বাংলাদেশের ফুটবলের সোনালি দিনগুলো ফিরিয়ে আনার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের নির্বাচিত সরকারও ফুটবলকে সমর্থন দিয়ে এই ধারাকে অগ্রসর করবে। “২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার ফুটবল খাতকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে এবং আশা করি পরবর্তী সরকারগুলোও এই ধারা অব্যাহত রাখবে।”
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সি গ্রুপের ম্যাচে বাংলাদেশ ভারতকে ১-০ গোলে পরাজিত করে দীর্ঘদিনের হতাশা ও আক্ষেপ ঘোচায়। জয়ের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।





