জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতা সিটির সাগানোসেকি জেলায় ভয়াবহ আগুনে ১৭০-এর বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে (০৮৪০ জিএমটি) আগুন ছড়িয়ে পড়ার পর রাতভর তা দাউদাউ করে জ্বলতে থাকে। বুধবারও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, জানিয়েছে জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি।
অগ্নিকাণ্ডের কারণে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে প্রায় ১৭৫ জন বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হন এবং নিরাপদ স্থানে আশ্রয় নেন। এখনও একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন, এবং আগুনের সঠিক উৎস খুঁজে বের করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
স্থানীয় টেলিভিশনের আকাশপথে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিস্তৃত এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারপাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে আকাশ অন্ধকার হয়ে গেছে। মাছ ধরার জন্য বিখ্যাত সাকি-ব্র্যান্ড ম্যাকেরেলের জন্য পরিচিত এই পাহাড়ি বন্দর শহরজুড়ে আগুনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনের লেলিহান শিখা নিকটবর্তী বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণের কাজকে আরও জটিল করে তুলেছে।
ওইটা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, সামরিক বাহিনীর একটি ফায়ারফাইটিং হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, স্থানীয় কর্তৃপক্ষ এবং সামরিক বাহিনী যৌথভাবে তৎপর রয়েছে।





