মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন মাইলফলক, তানজিয়ার স্বপ্ন পূরণের যাত্রা

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের গ্র্যান্ড ফাইনাল। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সুন্দরী প্রতিযোগিতায় ইতিমধ্যেই ১২১ দেশের প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ থেকে দেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। আয়োজকরা প্রতিযোগীদের জন্য বিভিন্ন বাছাই কার্যক্রম এবং বিভিন্ন বিভাগে ভোটিং শুরু করেছেন।

মিস ইউনিভার্স ২০২৫-এর বিজয়ী পাবেন ‘ফোর্স অব গুড’ মুকুট, যার মধ্যে ১১০ ক্যারেট নীলকান্তমণি এবং ৪৮ ক্যারেট সাদা হীরার সংমিশ্রণ রয়েছে। মুকুটের মূল্য প্রায় ৫.৭৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা। এই মুকুট বিজয়ীকে এক বছরের জন্য ধার্য করা হয়, স্থায়ী স্মৃতিস্বরূপ রেপ্লিকা দেওয়া হয় যার মূল্য ১৫-২০ হাজার ডলার। মুকুট জয় শুধু সৌন্দর্যের স্বীকৃতি নয়; এটি এক বছরের জন্য স্বপ্নের জীবনযাত্রার সুযোগও প্রদান করে। বিজয়ীকে এক বছরব্যাপী ব্যক্তিগত জেট, বিলাসবহুল আবাসন, আন্তর্জাতিক মিডিয়া কাভারেজ এবং দাতব্য কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার সুযোগ দেওয়া হয়।

বিজয়ী প্রথমে পান নগদ আড়াই লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকারও বেশি। এছাড়া, নিউইয়র্ক সিটিতে এক বছরের জন্য একটি লাক্সারি অ্যাপার্টমেন্টের ব্যবস্থাও থাকে। সেখানে থাকার সময় বিজয়ীকে ফটোশুট, প্রেস মিট এবং অন্যান্য দায়িত্বে অংশ নিতে হয় মিস ইউনিভার্স কর্তৃপক্ষের মাধ্যমে।

সবচেয়ে আকর্ষণীয় সুযোগের মধ্যে রয়েছে ব্যক্তিগত বিমান ব্যবহার করে বিশ্ব ভ্রমণের সুযোগ। বিশ্বজুড়ে সফরকালীন থাকা, খাবার-দাবার, পাঁচতারকা হোটেল সুবিধাসহ সব আয়োজন নিশ্চিত করা হয়, তবে প্রতিটি সফরের সঙ্গে দাতব্য কার্যক্রমেও অংশ নিতে হয়।

তানজিয়া জামান মিথিলা বাংলাদেশ থেকে মুকুট জয় করেই ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান এবং দেশের পতাকা নিয়ে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করছেন। দেশের মিস ইউনিভার্স ইতিহাসে মিথিলার এই অর্জন নতুন এক মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরীন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্সে দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন।

শেয়ার করুন