মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলারের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার করার ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বুধবার (১৯ নভেম্বর) বার্তাসংস্থা  আনাদোলুর  এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ নভেম্বর) ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়, আজ বা আগামীকাল আমরা ঘোষণা করতে পারবো যে এই ৬০০ বিলিয়ন ডলারের প্রকৃত বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে যাচ্ছি।’

তিনি আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বহু চুক্তি হবে, যা বড় ধরনের বিনিয়োগ সুযোগ সৃষ্টি করবে।

এ ঘোষণায় বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘মানে আপনি বলছেন, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?’ জবাবে সালমান নিশ্চিতভাবেই বলেন, ‘হ্যাঁ, কারণ আমরা আজ যে চুক্তিগুলো করছি, সেগুলোই বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।’

ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই এটা ১ ট্রিলিয়নও হতে পারে— তবে আমাকে এ নিয়ে একটু কাজ করতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘৬০০ বিলিয়ন নিশ্চিতভাবেই ধরতে পারি, তবে অঙ্কটি বাড়ার সম্ভাবনাও আছে।’

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এই বৈঠককে ‘সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দুই দেশ বেশ কিছু বড় দ্বিপক্ষীয় চুক্তি করেছে, যদিও এসব চুক্তির বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

শেয়ার করুন