শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লেবাননে ফিলিস্তিনি শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ১৩

লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি প্রকাশ করেছে  আল জাজিরার

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) উপকূলীয় শহর সাইদার নিকটবর্তী আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে ১৩ জন নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, হামলায় আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের অ্যাম্বুলেন্সে করে শিবিরের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইসরাইল বলে, শিবিরের ভেতরে থাকা একটি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানরত হামাস সদস্যদের লক্ষ্য করেই তারা এ আক্রমণ চালিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রেয়ি তার বিবৃতিতে জানান, ‘উত্তর সীমান্তে কোনো ধরনের হুমকি সহ্য করা হবে না। ওই এলাকায় সক্রিয় সব সন্ত্রাসী গোষ্ঠীই আমাদের টার্গেটে রয়েছে। লেবাননে হামাসের উপস্থিতি বাড়ানো এবং আমাদের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ইসরাইলের দাবি নাকচ করে হামাস জানায়, শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। তারা এই হামলাকে ‘নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরতা এবং লেবাননের সার্বভৌমত্বে সরাসরি আগ্রাসন’ বলে উল্লেখ করেছে।

এ ঘটনার আগে মঙ্গলবার লেবানন আরও জানিয়েছিল যে দক্ষিণাঞ্চলের অন্য এক এলাকায় ইসরাইল দুটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়, যেখানে দুইজন নিহত হন।

শেয়ার করুন