অভিষেক ম্যাচেই ভারতকে হারানোর বড় সুযোগ পেয়েছিলেন হামজা চৌধুরী। তবে শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে এগিয়ে থেকেও জয় ছিনিয়ে আনতে পারেনি বাংলাদেশ দল। এবার ঢাকায় ফিরতি লেগে আবারও ভারতের মুখোমুখি হচ্ছে লাল-সবুজেরা, আর সেই অসম্পূর্ণ কাজটা এবার পূরণ করতে চান হামজা।
হামজার আন্তর্জাতিক অভিষেকের পর বাংলাদেশ ছয় ম্যাচে কেবল একটি জয় পেয়েছে—সেটিও ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক আসরে এখনো জয়ের দেখা পায়নি দলটি। এর মধ্যে চলমান শতাব্দীতে ৯০ মিনিটের ম্যাচে ভারতের বিপক্ষে জয় না পাওয়ার দীর্ঘ হতাশাও রয়েছে। সব আক্ষেপ মুছতে আজকের ম্যাচকে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।
ম্যাচের আগের দিন সামাজিক মাধ্যমে সমর্থকদের উদ্দেশে হামজা লিখেছেন,
“বড় লড়াইয়ের প্রস্তুতি সম্পন্ন! কাল আপনাদের সামনে মাঠে নামার অপেক্ষা আর সহ্য হচ্ছে না। ইনশা আল্লাহ, দেখা হবে স্টেডিয়ামে।”
ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতিমূলক একটি প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন হামজা, পাশাপাশি পানেনকা স্টাইলে আরেকটি পেনাল্টিও সফল করেন। তবুও শেষ মুহূর্তের গোল হজম করে বাংলাদেশ ২-২ ব্যবধানে ম্যাচটি ড্র করে।
ম্যাচ শেষে নিজের হতাশা প্রকাশ করে ইনস্টাগ্রামে হামজা লেখেন,
“ম্যাচটি যেভাবে শেষ হয়েছে তা হতাশার, কারণ জেতার মতোই খেলেছিলাম। সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। একসঙ্গে থাকি—সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।”
হামজা, শমিত সোমদের মতো নতুন মুখ আসার পর ফুটবলে আগ্রহ বেড়ে গেছে কয়েকগুণ। প্রতি ম্যাচেই গ্যালারি ভরে ওঠে দর্শকে। ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ায় এবার উত্তেজনা আরও তীব্র—মাত্র ছয় মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে।
এই উন্মাদনার চাপ দলটিও অনুভব করছে। প্রস্তুতি সেরে রাখা হয়েছে, এখন শুধু মাঠে নামার অপেক্ষা।





