পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই এবং বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দুপুরে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে।
পুলিশ সূত্র জানায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া তিনটি মামলার অভিযুক্ত ছিলেন শামীম। গোপন সংবাদের ভিত্তিতে গুলশানে অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে পিরোজপুরে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুরের তিনটি মামলায় শামীমকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে পিরোজপুরে নিয়ে এসে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।





