মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসান মাসুদ ২০ দিনের চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ২০ দিন চিকিৎসা শেষে শনিবার (১৫ নভেম্বর) বাসায় ফিরে গেছেন। নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাসান মাসুদ বলেন, “আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। শারীরিক অবস্থা উন্নতির কারণে শনিবারই বাসায় ফিরতে পেরেছি। চলাচলে কোনো অসুবিধা নেই। আগামীকাল আমার ছেলের চাকরির পরীক্ষা আছে, সবাই দোয়া করবেন।”

গত ২৮ অক্টোবর রাতে অতিরিক্ত মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা। পরে তাকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ইস্কেমিক স্ট্রোক ও সামান্য হার্ট অ্যাটাক ভোগ করেছিলেন।

টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ সম্প্রতি আবার ক্যামেরার সামনে ফিরেছিলেন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’-এর মাধ্যমে। তবে অসুস্থতার কারণে শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।

শেয়ার করুন