কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার সময় বাড়ির দরজা–জানালা, শোকেস, আসবাবপত্রসহ ভেতরের বেশ কিছু মালামাল ভাঙচুর করা হয়। তবে বাড়িতে কেউ না থাকায় কোনো আহতের ঘটনা ঘটেনি। মিঠামইন থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণায় সন্তোষ জানিয়ে মিঠামইন উপজেলা বিএনপি রাতে একটি আনন্দ মিছিল বের করে। প্রায় ৬০–৭০ জন নেতাকর্মীর মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাচ্ছিল।
একপর্যায়ে মিছিল থেকে ২০–২৫ জন বিচ্ছিন্ন হয়ে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণ চালায়। তারা মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র, ছবি ও সাজসজ্জার বিভিন্ন সামগ্রী নষ্ট করে। একই সময় উপজেলা যুবলীগ নেতা মো. পাভেল হোসেনের বাড়িতেও পাথর ছোড়া হয়, তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ওসি আলমগীর কবির জানান, ঘটনার পরপরই পুলিশ ও সেনা টহল জোরদার করা হয়েছে। সাময়িক উত্তেজনা ছড়ালেও দ্রুত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।





