পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর হয়েছে এবং শাস্তি নির্ধারিত হয়েছে। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তাই এর আওতায় আমরা তাদের ফেরত আনার চেষ্টা করব।”
সোমবার (১৭ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের বাধ্যবাধকতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আইনি বিষয়ে আমি মন্তব্য করতে পারব না। তবে যা বুঝি, তাদের ফিরিয়ে আনা উচিত। আদালত শাস্তি দিয়েছে, তাই আমরা ভারতকে আনুষ্ঠানিকভাবে অবহিত করব।”
ভারতের জবাব না পেলে করণীয় কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্পেশালেকুশনের জবাব আমার কাছে নেই।” ফেরানোর সম্ভাবনা কতটুকু তা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমি এই বিষয়ে মূল্যায়ন করব না। বিভিন্ন আইনের ফাঁক কীভাবে পূরণ করতে হয়, তা আইনজ্ঞরা ঠিক করবেন। তবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ভারতকে চিঠি দেব ফেরতের জন্য।”
তিনি আরও বলেন, “দুইজনকে সাজা দেওয়া হয়েছে, তাই আমাদের দুইজনকেই ফেরত আনা প্রয়োজন।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফরে প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “এটি তাঁর এজেন্ডায়, আমি হস্তক্ষেপ করতে চাই না। প্রয়োজন হলে তিনি বিষয়টি তুলতে পারেন। আমরা আমাদের সরকারি চ্যানেলের মাধ্যমে ব্যবস্থা নেব।”





