ভারতের উপকূলরক্ষী বাহিনী সমুদ্রসীমা অতিক্রমের অভিযোগে ৫৫ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে ও এর আগের রাতে দুই দফায় এই ঘটনা ঘটে।
প্রথম দফায়, রবিবার রাতের দিকে ২৬ জন জেলেকে আটক করা হয়। জানা যায়, উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশি ট্রলারটি লক্ষ্য করে কাগজপত্র যাচাই করতে গেলে ট্রলারটির বাংলাদেশি জেলেদের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে তারা তাৎক্ষণিকভাবে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে খবর দেয়। একই রাতেই ২৬ জন জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, শনিবার রাতেও ভারতীয় কোস্টগার্ড ২৯ জন বাংলাদেশি জেলেকে আটক করে। এই ২৯ জনকে সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করার কথা রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পথ হারিয়ে বাংলাদেশি জেলেরা ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে। তবে সঠিক কারণ খুঁজে বের করতে কর্তৃপক্ষ তদন্ত করছে।
মালিকপক্ষ ও স্থানীয়রা জানান, সাধারণত সীমান্তবর্তী এলাকায় মাছ ধরার সময় জেলেরা দুর্ঘটনাবশত প্রতিবেশী দেশের জলসীমায় চলে যায়।





