মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা দিয়েছেন অভিনেত্রী শাওন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২ নম্বরে ফের আনা হয়েছে দুটি বুলডোজার।

সোমবার বেলা ১২টার দিকে ট্রাকযোগে বুলডোজার দুটি নিয়ে যাওয়া হয়। ট্রাকের ওপর হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণ স্লোগান দিতে দেখা যায়। তাদের পরিচয় জানতে চাইলে একজন জানান, ‘রেড জুলাই’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে বুলডোজার দুটি আনা হয়েছে।

অভিনেত্রী মেহের আফরোজ শাওন বুলডোজার বহনের এই ঘটনায় তাদের ‘রাজাকার’ আখ্যা দিয়েছেন। তিনি বিবিসি বাংলার শিরোনামের একটি সংবাদের কার্ড শেয়ার করে লিখেছেন, “মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবিরে রাজাকার বাহিনী!”

এর আগে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

ঘটনার ছয় মাস পূর্তির দিন, ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা হয়।

ওই বাড়ি ঘিরে হাজার তিনেক মানুষের বিক্ষোভের মধ্যে রাত পৌনে ১১টার দিকে একটি ক্রেন প্রধান সড়ক থেকে ৩২ নম্বরের সড়কে প্রবেশ করায়। ক্রেনে ওঠা লোকজন স্লোগান দিতে থাকে। পরে এক্সক্যাভেটরও যোগ দেয় ভাঙার কাজে।

রাত সোয়া ১১টার দিকে ক্রেন ও এক্সক্যাভেটর দিয়ে তিন তলা বাড়ির একটি অংশ ভাঙা শুরু হয়। রাত সোয়া ১টার পর কিছুক্ষণ বিরতি দেওয়া হয়, পরে আরেকটি এক্সক্যাভেটর কাজ শুরু করে।

মধ্যরাতে সেনাবাহিনী একবার ৩২ নম্বর সড়কের বাড়ির সামনে গেলে ছাত্র-জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। কিছুক্ষণের মধ্যে তারা সেখান থেকে সরে যায়।

গভীর রাতে মাইকে গান বাজিয়ে একদল মানুষ সেখানে নাচতেও দেখা যায়। পরে বাড়ির অর্ধেকের বেশি অংশ ধ্বংস করা হয়। তবে সরকার ওই সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে।

শেয়ার করুন