বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে দাঁড়ান তামিম ইকবাল। সেই ঘটনার পর থেকেই দেশের এই তারকা ওপেনারের ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।
শেষ পর্যন্ত সব গুঞ্জনের অবসান ঘটালেন তামিম নিজেই। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলবেন না।
আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল খেলোয়াড় নিলাম (প্লেয়ার্স ড্রাফট) থেকে নিজের নাম তুলে নেওয়ার অনুরোধও তামিম বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে জানিয়েছেন।
ক্রিকবাজকে তিনি বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। ড্রাফট থেকে আমার নাম বাদ দেওয়ার অনুরোধ করেছি।”
২০১২ সালে বিপিএল যাত্রা শুরু করার পর থেকে প্রতিটি আসরে মাঠে দেখা গেছে তামিমকে।
শেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুলে শিরোপা জিতিয়েছেন তিনি। তবে এবারের পরিস্থিতি বদলে গেছে। বোর্ড নির্বাচনের সাম্প্রতিক উত্তাপ, ফিসনেট ইস্যু এবং বরিশাল ফ্র্যাঞ্চাইজির অনুপস্থিতি—সব মিলিয়ে তার বিপিএলে অংশগ্রহণ ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছিল।
শেষ পর্যন্ত তামিম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, এবারের বিপিএলে তাকে দেখা যাবে না।





