সৌদি আরবে মদিনার কাছে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জনের মৃত্যুর সম্ভাবনা দেখা দিয়েছে, স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ভোরে মক্কা থেকে মদিনার পথে যাওয়া একটি বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের সংঘর্ষ ঘটে। ধারণা করা হচ্ছে, বাসের বেশিরভাগ যাত্রী তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে আসা ওমরাহযাত্রী ছিলেন। এই খবরটি ভারতের এনডিটিভি জানিয়েছে।
সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।
খালিজ টাইমস জানিয়েছে, যাত্রীদের বড় অংশ হায়দরাবাদের বাসিন্দা।
তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নয়া দিল্লিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে।
হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন এবং সংঘর্ষের পর বাসে আগুন লেগে যায়।
ওয়াইসি বলেন, তিনি রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন। দূতাবাস পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।
তিনি আরও অনুরোধ করেছেন, কেন্দ্রীয় সরকার নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার ব্যবস্থা নিক এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করুক। তবে এখনও হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
তেলেঙ্গানা হজ কমিটি জানিয়েছে, বাসে প্রায় ২০ নারী ও ১১ শিশু ছিলেন। দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।





