জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের প্রথম মামলার রায় আজ ঘোষণা করা হবে। এই খবরটি ভারতের সংবাদমাধ্যমে আজ ফলাওভাবে প্রচার করা হচ্ছে। অধিকাংশ সংবাদমাধ্যমেই হাসিনার সম্ভাব্য মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে রায় ঘোষণার জন্য মামলা ধার্য রয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনার পাশাপাশি মামলার অপর দুই আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রায়ের আগে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে সাক্ষাৎকারে জানিয়েছেন, রায় যা-ই হোক, তা মাকে ভারতের সুরক্ষায় রাখবে। ভারতের প্রতিটি সংবাদমাধ্যমই এই সাক্ষাৎকার এবং বিষয়টিকে ব্যাপকভাবে প্রচার করেছে।

শুধু প্রচার নয়, প্রচারের ধরনও চোখে পড়ার মতো। প্রায় সব প্রধান সংবাদমাধ্যমেই এটি শীর্ষ খবর হিসেবে রাখা হয়েছে।
সকাল সাড়ে দশটার দিকে দেখা যায়, এনডিটিভির শীর্ষ ৫টি খবরের মধ্যে ৪টি হাসিনার রায় ঘিরে।
এদিকে, দ্য হিন্দু ক্ষণে ক্ষণে সরাসরি আপডেট দিচ্ছে। হিন্দুস্তান টাইমসের শীর্ষ দুই খবরের একটিতে এই বিষয়টি রয়েছে।

এবিপি লাইভ শীর্ষ সংবাদ হিসেবে এই ইস্যুকে তুলে ধরেছে। ওপার বাংলার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায়ও এটি প্রধান সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে। সংবাদ প্রতিদিনেও একই দৃশ্য লক্ষ্য করা গেছে।





