সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিতের দাবি তাসনিয়া ফারিণের

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর শোবিজ অঙ্গন সরগরম হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

রোববার (১৬ নভেম্বর) রাত ৮টায় নিজের সোশ্যাল মিডিয়ায় তাসনিয়া ফারিণ লিখেছেন, “শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।”

ফারিণের এই স্ট্যাটাস প্রকাশ হতেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেছেন, শিল্পীরা যখন একের পর এক অযাচিত সমস্যায় জড়াচ্ছে, তখন তাদের সুরক্ষায় প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসা জরুরি।

দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার খবর প্রকাশ হয়। শুরুতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি থাকলেও, পরে অভিনেত্রী আগাম জামিন নিতে আদালতে হাজির হন। সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার।

বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে মেহজাবীন ও তার ভাই নতুন ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখান। নগদ ও বিকাশে মোট ২৭ লাখ টাকা নেওয়ার পরও কার্যক্রম শুরু না হওয়ায় তিনি টাকা ফেরত চান। অভিযোগ, এরপর তাকে বারবার সময়ক্ষেপণ করা হয়।

এজাহারে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে তিনি অপমানিত হন এবং জীবননাশের হুমকির মুখে পড়েন। বিষয়টি থানায় জানালে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন।

নির্ধারিত তারিখে আসামিরা আদালতে উপস্থিত না থাকায় ৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়, যা ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

শেয়ার করুন