সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি মহাসচিব ফখরুল ইসলামকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় পদ হারালেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান। তাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ ব্যাপারে বহিষ্কার হওয়া ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে একটি ফেসবুকে পোস্ট দেই। তবে আমি আমার ভুল বুঝতে পেরে পোস্ট ডিলেট করে ক্ষমাও চেয়েছি। তবুও আমাকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে এখন আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না।
প্রসঙ্গত, দুপুরে খায়রুল ইসলাম রোমান তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেজাজ হারিয়ে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। তিনি এই ভিডিও ফেসবুকে দিয়ে মহাসচিবকে বয়স হয়েছে উল্লেখ করে অবসরের ইঙ্গিত করেন। পরক্ষণেই তিনি আবার সেই পোস্টটি মুছে ফেলে ক্ষমা চান
শেয়ার করুন