সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মেহজাবীন চৌধুরী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকার একটি আদালত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও পরে ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এই পরোয়ানা জারি হয়। গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক আফরোজা তানিয়া এই নির্দেশ দেন। মামলার বাদী আমিরুল ইসলাম রোববার সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

আমিরুল জানান, নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে বলা হলেও অভিযুক্ত কেউই আদালতে উপস্থিত হয়নি। তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এ বিষয়ে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করা হয়েছে। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, পরিচিতজন হিসেবে দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন সময়ে মেহজাবীন চৌধুরী তাকে পারিবারিক নতুন ব্যবসায় অংশীদার করা হবে বলে প্রলুব্ধ করেন। এই বিশ্বাসে তিনি নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা তাদের কাছে হস্তান্তর করেন। কিন্তু ব্যবসা শুরুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাওনা টাকা ফেরত চাইলে বারবার কালক্ষেপণ করে সময় নষ্ট করা হয়।

পরিস্থিতির অবনতি হলে গত ১১ ফেব্রুয়ারি বাদী টাকা ফেরত চেয়ে মেহজাবীনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাকে বলা হয় ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে যেতে। নির্ধারিত দিন সেখানে গেলে মেহজাবীন, আলিসান চৌধুরী এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে গালিগালাজ করেন। তারা হুমকি দিয়ে বলেন, “আবার যদি বাসার সামনে দেখা পাও, জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে না।” ভয়ভীতি ও মৃত্যুর আশঙ্কা তৈরি করে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়।

ঘটনার পর তিনি ভাটারা থানায় গেলে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়। পরে ২৪ মার্চ আমিরুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত খবরকে ‘অসত্য’ দাবি করেছেন অভিনেত্রী মেহজাবীন। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন,
“সামাজিক মাধ্যমে আমার নাম যুক্ত করে যেসব ভিত্তিহীন মামলা ও অভিযোগ ছড়ানো হচ্ছে—এসব তথ্যের কোনো সত্যতা নেই। সাংবাদিক ভাইবোনদের অনুরোধ করছি, যাচাই ছাড়া এমন সংবাদ প্রচার করবেন না।”

শেয়ার করুন