শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুটবল নিয়ে বিতর্কিত বক্তব্যে দুঃখপ্রকাশ করেছে বিসিবি সভাপতি বুলবুল

নভেম্বরের ৯ তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বিসিবি পরিচালক আসিফ আকবর ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার ওই বক্তব্য প্রকাশের পর ক্রীড়া মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে অবিলম্বে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান। চার দিনের মধ্যে বিসিবি তার জবাব প্রদান করেছে।

তাবিথ আউয়াল নিশ্চিত করেছেন, বিসিবি থেকে পাঠানো চিঠি তিনি গ্রহণ করেছেন। চিঠিতে আসিফ আকবরের মন্তব্য সম্পর্কিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আসিফ যেহেতু বিসিবি পরিচালক, তা সত্ত্বেও কনফারেন্সে তাকে জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল।

চিঠিতে বলা হয়েছে, “বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে যে বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটি তিনি জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে প্রদান করেছেন, পরিচালক হিসেবে নয়। আমার জানা অনুযায়ী, উক্ত বক্তব্যটি তার জেলার ক্রিকেট কার্যক্রম এবং মাঠ ব্যবহারের দীর্ঘ দিনের সমস্যার কারণে ব্যক্তিগত হতাশা ও ক্ষোভ থেকে প্রণীত।”

বিসিবি স্পষ্ট করেছে, আসিফ আকবরের মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতি প্রতিফলন করে না। চিঠিতে আরও লেখা আছে, “কোনো ব্যক্তির ব্যক্তিগত মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান হিসেবে গণ্য হবে না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি, যা বোর্ডের দৃষ্টিভঙ্গি হিসেবে গ্রহণযোগ্য নয়।”

বিসিবি সভাপতি চিঠিতে দুঃখ প্রকাশ করে উল্লেখ করেছেন, “যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবারের সদস্য বা ভক্তদের মধ্যে কোনো ধরনের অসন্তোষ, আঘাত বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।”

শেয়ার করুন