মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুই রাষ্ট্রনেতার মধ্যে এই আলাপচারিতা হয়।
ক্রেমলিন জানিয়েছে, আলাপচারিতায় গাজা উপত্যকা ও সাম্প্রতিক সংঘর্ষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তারা হামাসের সঙ্গে বন্দী বিনিময় ও নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ও তোলেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং সিরিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধির উদ্যোগ সম্পর্কেও মতবিনিময় হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ফোনালাপটি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এটি আগের আলোচনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ও গাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় হিসেবে অনুষ্ঠিত হয়।
পুতিন ও নেতানিয়াহুর সর্বশেষ ফোনালাপ হয়েছিল ৬ অক্টোবর। তখনও তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইনের আলোকে ফিলিস্তিনি সমস্যা সমাধানের জন্য রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৬৯ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর হামাস ও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি বন্দীদের মুক্তি দেওয়া হয়। এছাড়া গাজার পুনর্গঠন এবং হামাসবিহীন নতুন প্রশাসনিক কাঠামো গড়ার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।





