শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ায় গাড়ি জনতার ওপর উঠে আহত ৯

দক্ষিণ–পূর্ব অস্ট্রেলিয়ার ওয়ালচা শহরে মোটরস্পোর্ট প্রতিযোগিতা চলাকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দর্শকদের ভিড়ে ঢুকে পড়ে। এতে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর। শনিবার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানায়, বার্ষিক ওয়ালচা মোটরসাইকেল র‌্যালির অংশ হিসেবে অনুষ্ঠিত গাড়ি প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি গাড়ি হঠাৎ বেড়া ভেঙে গ্যালারিতে উঠে যায়।

এই প্রতিযোগিতাটি এমন ধরনের মোটরস্পোর্ট, যেখানে চালকেরা ইচ্ছাকৃতভাবে তাদের গাড়িগুলো একে–অপরের সঙ্গে ধাক্কা দিয়ে চালান।

পুলিশ জানায়, আহতদের বয়স ২০ থেকে ৭৫ বছরের মধ্যে। গুরুতর আহত ব্যক্তি ৫৪ বছর বয়সী এক পুরুষ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

তাদের আরও তথ্য, দুর্ঘটনার আগে ২৭ বছর বয়সী চালকের গাড়িটির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়েছিল।

ওয়ালচা মোটরসাইকেল র‌্যালির ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে ওয়ালচা কাউন্সিল জানিয়েছে, তারা এই “দুর্ভাগ্যজনক ঘটনার জন্য শোকাহত ও বিস্মিত”। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তারা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য না করার কথাও জানানো হয়েছে।

উত্তর টেবলল্যান্ডস অঞ্চলের এমপি ব্রেন্ডান ময়লান জরুরি সেবা কর্মীদের দ্রুত ও পেশাদারি ভূমিকার প্রশংসা করেছেন।

নিউ ইংল্যান্ডের আইনপ্রণেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস আহতদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি সবার সুস্থতা কামনা করছেন।

শেয়ার করুন