মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাফ ভাড়া নিয়ে বিরোধ: শিক্ষার্থী–শ্রমিক সংঘর্ষ

হাফ ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে ব্যাপক ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা টার্মিনালে প্রবেশ করে অন্তত ৫০টির বেশি বাসে তাণ্ডব চালায়। এতে শিক্ষার্থী ও শ্রমিক মিলিয়ে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ শুরু হয় এবং রাত সোয়া ৮টা পর্যন্ত টার্মিনালে উত্তেজনা বিরাজ করে। বিএম কলেজের শিক্ষার্থীদের দাবি, টার্মিনালে গেলে পরিবহন শ্রমিকরা তাদের ওপর হামলা চালায় এবং এতে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়।

অন্যদিকে শ্রমিকরা পাল্টা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা জানান, ছুটি থাকা সত্ত্বেও মুলাদী-বরিশাল রুটে হাফ ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে শ্রমিকের বাগ্‌বিতণ্ডা হয়। এরপর সন্ধ্যায় কয়েকশ শিক্ষার্থী টার্মিনালে এসে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে এবং ১৫–২০ জন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে।

ঘটনায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, হাফ ভাড়া আমাদের ন্যায্য অধিকার। মুলাদী থেকে বরিশাল আসার সময় এক শিক্ষার্থী হাফ ভাড়া চাইলে তাকে অপমান ও নির্যাতন করা হয়। বিষয়টি জানার পর আমরা টার্মিনালে এসে এর প্রতিকার চাই। তখন শ্রমিকরা আমাদের ওপর হামলা চালালে ২০–২৫ জন শিক্ষার্থী জখম হয়।

বরিশাল বিমানবন্দর থানার ওসি মামুন উল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

শেয়ার করুন