জলিলুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে ইমদাদুল হক মিলন (৩৮) নামে এক তাঁত কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের সামনে করতোয়া নদীর বালুচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিলন উপজেলার গারাদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের মো. আয়নাল সরকারের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন এবং দীর্ঘদিন ধরে তাঁত ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, কয়েক মাস ধরে বিভিন্ন মহাজন ও এনজিওর ঋণের কিস্তির চাপে দিশেহারা ছিলেন মিলন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে মিলন স্ত্রীকে ফোন করে জানান যে তিনি বিষপান করেছেন এবং তীব্র যন্ত্রণায় ছটফট করছেন। তবে কোথায় রয়েছেন তা তিনি জানাতে চাননি; কিছুক্ষণ পরই ফোনটি বন্ধ হয়ে যায়। শনিবার সকালে করতোয়া নদীর বালুচরে তার মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনরা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী জানিয়েছেন, তিনি ঋণের চাপে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়েই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয়রা জানান, তাঁত শিল্পের ক্রমাগত মন্দা অবস্থার কারণে অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়ছেন। ঋণের চাপ ও ব্যবসায় ক্ষতির কারণে এলাকায় মানসিক অবসাদ ও আত্মহত্যার ঘটনা বাড়ছে বলেও জানান তারা।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া না পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা যাবে না। তদন্তের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।





