রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন করার জন্য একটি আদেশ জারি করেছেন। বৃহস্পতিবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদিত হয়। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে আদেশের বিষয়বস্তু এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া তুলে ধরেন।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ে জনগণ একক প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মত প্রকাশ করবেন।
তিনি আরও জানান, সকল বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের মতোই গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে আয়োজন করা হবে। এভাবে সংবিধান সংস্কারের প্রক্রিয়া কোনওরকম বাধার সম্মুখীন হবে না। গণভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে।





