সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’, বন্যা ও শিলাবৃষ্টির সতর্কতা

সৌদি আরবের কিছু এলাকায় হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হয়েছে। বুধবার মক্কার দক্ষিণাঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সড়কগুলো প্লাবিত হয়ে যান চলাচল প্রায় স্থবির হয়ে গেছে। তবে মক্কার কেন্দ্রস্থল, যেখানে মসজিদুল হারাম অবস্থিত, সেখানে কেবল ঝড়ো বাতাস ও মেঘমুক্ত আকাশ দেখা গেছে; বৃষ্টিপাত হয়নি।

জাতীয় আবহাওয়া সংস্থা (এনসিএম) মক্কার কয়েকটি অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, ওই এলাকায় ভারী বর্ষণ, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে, যা রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ মক্কার ডিফা‘কসহ বিভিন্ন এলাকায় গাড়ি পানি জমে থাকা রাস্তায় চলাচল করছে। এই এলাকায় টানা দুই দিন ধরে প্রবল বৃষ্টি নেমেছে।

এনসিএমের মুখপাত্র হুসাইন আল-কাহতানি জানান, ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তিনি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি নিচু এলাকা এড়িয়ে চলার এবং সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ, আসির, আল-বাহা, জাজান, কাসিম, হাইল, তাবুক, আল-জৌফ, উত্তর সীমান্ত অঞ্চল ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝড়ো বাতাস, শিলাবৃষ্টি, উঁচু ঢেউ এবং আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।

মক্কা প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, পানি জমতে পারে এমন উপত্যকা, টানেল ও নিচু এলাকায় চলাচল এড়িয়ে চলতে হবে। এছাড়া মক্কা, জেদ্দা ও তাইফ সংলগ্ন সড়কে গাড়িচালকদের কম দৃশ্যমানতা ও পিচ্ছিল রাস্তা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন