পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। এবার শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের ভেন্যু ও দিনক্ষণও পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি আজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরিচালনাগত এবং ম্যাচ সংক্রান্ত প্রয়োজনীয়তা বিবেচনা করে পারস্পরিক আলোচনার পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এর সঙ্গে পরামর্শ ও আলোচনা করে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ত্রিদেশীয় সিরিজের সবকটি ম্যাচ এখন রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর পাকিস্তান-জিম্বাবুয়ের প্রথম ম্যাচ এক দিন পিছিয়ে হয়েছে। সাত ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচও এক দিন পিছিয়ে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
প্রথমে ফাইনাল সহ টুর্নামেন্টের পাঁচটি ম্যাচের ভেন্যু লাহোরে ঠিক করা হয়েছিল। তবে তিনটি ক্রিকেট বোর্ডের সমঝোতার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুরো সিরিজ একমাত্র রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
এর আগে বোমা হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগা শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার সফরের মাঝপথে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সফর চলবে। বোর্ড হুঁশিয়ারি দিয়েছে, নির্দেশ অমান্য করে দেশে ফিরে গেলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক পর্যালোচনা চালানো হবে।
ঘটনার সূত্রপাত হয়েছিল গত মঙ্গলবার, ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হওয়ার পর। হামলার কয়েক ঘণ্টা পরই পাশের শহর রাওয়ালপিন্ডিতে শুরু হয় শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচ।





