যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারি ‘শাটডাউন’ শেষ হয়েছে। স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) কংগ্রেসের প্রতিনিধি পরিষদ শাটডাউন শেষ করার পক্ষে ভোট দিয়েছে, যার ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি চূড়ান্ত হয়েছে।
প্রতিনিধি পরিষদের ভোটে সমঝোতা প্রস্তাবের পক্ষে ২২২ ভোট পড়ে, বিপক্ষে ২০৯। ছয়জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় প্রস্তাব পাশ হয়। শাটডাউন শুরু হওয়ার পর ইতিমধ্যে ৪৩ দিন কেটে গেছে। এই সময়ের মধ্যে হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন, অনেককে বিনা বেতনে ছুটিতে পাঠানো বা অব্যাহতি দেওয়া হয়েছিল।
এর আগে সোমবার সিনেটে শাটডাউন শেষ ও সরকারের তহবিল নিশ্চিত করার প্রস্তাব পাশ হয়। বুধবার তা প্রতিনিধি পরিষদে অনুমোদন হওয়ার পর হোয়াইট হাউজে ট্রাম্প দুই ঘণ্টার মধ্যে স্বাক্ষর করেন।
প্রস্তাবটির অনুমোদনের ফলে সরকারি খাদ্য সহায়তা পুনরায় চালু হবে, আটকে থাকা ফেডারেল কর্মীদের বেতন প্রদান করা হবে এবং ব্যাহত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরবে। রয়টার্স জানায়, বৃহস্পতিবার থেকেই ফেডারেল কর্মীরা কাজে ফেরার সুযোগ পাবেন। তবে সব সরকারি কার্যক্রম কত দ্রুত পূর্ণভাবে সচল হবে, তা এখনও স্পষ্ট নয়।
সূত্র : বিবিসি





