শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে মহিপাল পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটির সামনের অংশ ও ভেতরের আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে ঢাকামুখী লেনে পার্ক করে রাখা রনি-রানা পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কে বা কারা আগুন লাগিয়েছে, তা কেউ দেখতে পায়নি। আশপাশের লোকজন চিৎকার শুনে দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, প্রতিদিনের মতো রাতে চালকরা গাড়ি রাস্তার পাশে রেখে বাড়ি চলে যান। রাত ১০টার দিকে হঠাৎ আগুন দেখে এলাকাবাসী মিলে তা নিভিয়ে ফেলে। আগুনে চালকের আসন ও সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, “আমরা খবর পাওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি নাশকতা হতে পারে।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি নাশকতা নাকি অন্য কোনো কারণ—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন