দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৫৪ জন, দক্ষিণ সিটিতে ১৪৩ জন এবং ঢাকার বাইরে ঢাকা বিভাগে ২২৩ জন রয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮২ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে পাঁচজন এবং সিলেট বিভাগে তিনজন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে এক হাজার ৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৭৭ হাজার ৯৮৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৭৭৩ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৩ জনে।
২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।





